কক্সবাজারে পুলিশের সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে নবাব মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাত্র এক হাজার টাকার পাওনা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটেছে।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বড় চৌধুরীপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত নবাব মিয়া ওই এলাকার আবদুল হকের ছেলে এবং পুলিশের সাবেক কনস্টেবল। তিনি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শওকত বেলালের বড় ভাই।

আইনজীবী শওকত বেলাল জানান, নবাব মিয়া একটি জাল কিনে একই এলাকার নুর আহমদের ছেলে দিদার মিয়াকে ভাগে দেন। এই নিয়ে এক হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে ১৫ দিন আগে দুজনের মধ্যে মতবিরোধ হয়। ওই ঘটনার জেরে গত মঙ্গলবার রাতে আবদু শুক্কুরের বাড়ির একটি সালিশ থেকে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাকে উপর্যুপরি কোপায়। এতে গুরুতর আহত হলে নবাব মিয়াকে কক্সবাজারে হাসপাতালে নেওয়া হয়। গভীর রাতে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।