রূপচর্চার কাজ করানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে এক তরুণীকে (২৫) দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানম-ির একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই তরুণী। তাকে গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
স্বজনরা জানান, ধর্ষণের শিকার তরুণী স্বামীর সঙ্গে রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকেন। পেশায় তিনি বিউটিশিয়ান (রূপচর্চাকারী)। অনলাইনের মাধ্যমে ডাক পেলে বাসায় গিয়ে রূপচর্চার কাজ করে দেওয়ার পাশাপাশি রূপচর্চার সামগ্রী সরবরাহ করেন। মঙ্গলবার এক নারী তার মোবাইল ফোনে কল করে ধানম-ি ২৮ নম্বরে যেতে বলেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি সেখানে যান। পরে একটি ছেলে এসে তাকে ওই এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে নিয়ে যায়। ওই বাসায় গিয়ে তরুণী এক নারী ও তিন যুবককে দেখতে পান। ওই যুবকরা তাকে দিয়ে রূপচর্চার কাজের বদলে মারধর করে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এরপর মামলা করলে হত্যার হুমকি দিয়ে তাকে বাসা থেকে বের করে দেয়। তখন তিনি সেখান থেকে বেরিয়ে স্বামীর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু স্বামী তখন সাভারে এক বন্ধুর বাসায় থাকায় তাকেও সেখানে যেতে বলেন। পরে সাভারের ওই বাসায় গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য গতকাল সকালে তরুণীকে প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান স্বামী। সেখান থেকে পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ধানম-ি মডেল থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, ‘হাসপাতালে ভর্তি থাকা ভুক্তভোগী নারীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহসহ অন্যান্য কাজ করা হবে। তাছাড়া যে নম্বর দিয়ে ফোন করে তাকে ডেকে নেওয়া হয় সেই নম্বরসহ অন্যান্য ক্লু নিয়ে আমরা কাজ করছি। ঘটনায় জড়িতদের আটকে কাজ চলছে।’