কেমিকেলযুক্ত ময়লা পানিতে সয়লাব স্কুলের প্রধান ফটক

৪ বছর ধরে পানি সরছে না ফতুল্লা পাইলট স্কুলের প্রধান ফটক থেকে। ডাইং ফ্যাক্টরির কেমিকেল মিশ্রিত পানিতে সয়লাব স্কুলের সামনের সড়ক। প্রতিদিন এই ময়লা পানি দিয়ে যাতায়াত করতে করতে ফোসকা পড়েছে শিক্ষার্থীদের পায়ে। চর্মরোগে আক্রান্ত হয়েছেন অনেকে।

স্থানীয় চেয়ারম্যান-মেম্বারকে বারবার বলেও কোনো সুরাহা হয়নি। অবশেষে স্থানীয় এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে স্কুলের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা বলেন, দীর্ঘ চার বছর ধরে পোস্ট অফিস রোডে অবস্থিত ইউজডম, পপুলার ডাইং, দীপ্তি ডাইং, মদিনা ডাইংসহ অন্যান্য ডাইং ফ্যাক্টরির কেমিকেল-মিশ্রিত বর্জ্য পানি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করছে।

এলাকাবাসীর অভিযোগ, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, পথচারী ড্রেনে পরে গুরুতর আহত হয়েছেন। বিষাক্ত পানির কারণে চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন এবং ইউপি সদস্য আ. বাতেনকে একাধিক বার জানালেও তারা সমস্যা নিরসনে কোনো উদ্যোগ নেয়নি।

এই সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও ৫ আসনের সাংসদ সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য এস এম হুমায়ূন কবির, খোকন প্রধান, মো. হানিফ, রিয়াজুল ইসলাম, তাইজুল ইসলাম, আক্তার হোসেন, আবুল কালাম, হুমায়ূন প্রমুখ।