গাইবান্ধায় ভোট বন্ধের কারণ স্পষ্ট নয়: কাদের

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সিইসি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গাইবান্ধা উপনির্বাচনে কী কারণে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন প্রিজাইডিং অফিসারদের ভাষ্যমতে নির্বাচনি কর্মকর্তাসহ সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। তবে ভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে এবং কোন প্রকার বিশৃঙ্খলা হয়নি বলেও উল্লেখ করেন প্রিজাইডিং অফিসাররা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা নগর পরিবহন ২২ ও ২৬ নং বাস রুট যাত্রাপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা বিএনপির মামার বাড়ির আবদার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে নেতা রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে, আগে মুচলেকা প্রত্যাহার করুন তারপর দেখা যাবে।

বিএনপির সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সমাবেশ করলে ১০ লাখের বেশি লোক হবে বিএনপি ঘোষণা দিয়েও এক লাখের মত লোক জমায়েত হয়েছে। রাজপথে ফয়সালা হবে, আন্দোলন করছেন ভালো কথা, তবে আবারও লাঠিসোঁটা ও আগুন সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে বিএনপিকে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পরিবহনে যদি শৃঙ্খলা ফিরিয়ে না আসে তাহলে কোনো উন্নয়নেই সুফল বয়ে আনবে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সাদেক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।