এক দিনে ৪০ এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা

এক দিনে ইউক্রেনের ৪০টির বেশি এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র রাজধানী কিয়েভসহ অন্যান্য শহরের বেশ কয়েকটি স্থাপনায় আঘাত হানে বলে দাবি ইউক্রেনীয় কর্র্তৃপক্ষের। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, জবাবে ইউক্রেনের বিমানবাহিনী রাশিয়ার ২৫টি লক্ষ্যবস্তুতে অন্তত ৩২ বার হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনীয় বন্দরনগরী মিকোলাইভের মেয়র ওলেকসান্দার সেনকেভিচ জানান, দক্ষিণাঞ্চলীয় শহরটিতে ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে। একটি পাঁচতলা আবাসিক ভবনে হামলা হয়েছে। এতে এই ভবনের উপরের দুটি তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভবনের বাকি অংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। উদ্ধার কাজ চলছে। মিকোলাইভ শহরের বাগ নদীবন্দর ও সেখানকার একটি জাহাজ নির্মাণ কেন্দ্র রাশিয়ার ভারী বোমা হামলার শিকার হয়েছে।