ইসরায়েলি বাহিনীর দিনব্যাপী অবরোধের প্রতিবাদে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনের শুয়াফাত শরণার্থীশিবির ও আশপাশের এলাকায় ধর্মঘট করেছেন ফিলিস্তিনিরা।শরণার্থীশিবিরের প্রধান চেক পয়েন্টে গত শনিবার গুলিতে এক ইসরায়েলি সেনা নিহতের পর গোটা এলাকা নজিরবিহীন সেনা অবরোধের মুখে পড়ে। শুয়াফাত শরনার্থীশিবির, আনতা, রাস খামিস, রাস শাহদেহ ও দাহিয়াত আল-সালামের নিকটবর্তী এলাকায় ১ লাখ ৩০ হাজার ফিলিস্তিনির বসবাস, পুরো এলাকা ইসরায়েলি দেওয়াল দিয়ে ঘেরা। সন্দেহভাজনদের খোঁজে শরণার্থীশিবিরের দুটি গেটই বন্ধ করে দেয় ইসরায়েলিরা। অভিযান চালিয়ে ওই ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে ১১ জনকে আটকও করে তারা। কিন্তু উদে তামিমি (২২) নামে কেবল এক সন্দেহভাজনের খোঁজে এখনো ক্যাম্পের বাসিন্দাদের অবরুদ্ধ রাখা হয়েছে। এর প্রতিবাদে ধর্মঘট শুরু করে ফিলিস্তিনিরা। শুয়াফাত শরণার্থী ক্যাম্পের মতোই নাবলুসেও চলছে ধর্মঘট। গত বুধবার এ এলাকার স্কুল ও দোকানপাট বন্ধ ছিল। শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। রামাল্লা এলাকার বিরজাইট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করেন। ক্যাম্পের বাসিন্দারা দ্রুত এ অবরুদ্ধ অবস্থার অবসান চান। জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বলছে, ইসরায়েলের এ আচরণ গ্রহণযোগ্য নয়।