আরও দুই রুটে চালু হলো নগর পরিবহন

বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে ২২ ও ২৬ নম্বর নতুন দুটি রুটে চালু হয়েছে ঢাকা নগর পরিবহনের বাস। রাজধানীর পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে এর আগে আরও কয়েকটি রুটে এ ধরনের বাস চালু করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর এলাকায় নগর পরিবহনের নতুন এই রুট দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভিন প্রমুখ।

জানা যায়, ২২ নম্বর রুট ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, কাজলা, কোনাপাড়া এবং স্টাফ কোয়ার্টার পর্যন্ত। এ ছাড়া টিকাটুলী থেকে কাজলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে। ২৬ নম্বর রুট ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, সোবহানবাগ, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউ মার্কেট (নীলক্ষেত), আজিমপুর, পলাশী, চানখাঁরপুল, পোস্তগোলা, পাগলা (কদমতলী থানা) পর্যন্ত। এ ছাড়া এই রুটে চানখাঁরপুল থেকে পোস্তগোলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে।