বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, গাইবান্ধার উপনির্বাচন বন্ধ করার কথা ছিল জেলা প্রশাসকের (ডিসি)। কারণ তিনি রিটার্নিং অফিসার। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নির্বাচন বন্ধ করতে হয়েছে। এতে প্রমাণ হয়েছে সিইসিকে ডিসি ও পুলিশ সুপার (এসপি) মানে না। ইসিতে ফেরেশতা বসালেও আওয়ামী লীগের অধীনে কেউ কাজ করতে পারবে না।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘অবিলম্বে বিনাভোটের সরকারের পদত্যাগ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, ‘সীমাহীন অনিয়মের কারণে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসার জেলার প্রশাসক নির্বাচন বন্ধ করার কথা। কিন্তু সিইসিকে নির্বাচন বন্ধ করতে হয়েছে। ইসির কথা ডিসি-এসপিরা মানে না। যত ভালো মানুষ হোক না কেন, আওয়ামী লীগের অধীনে কেউ ভালোভাবে কাজ করতে পারবে না।’