গাজীপুরে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় একটি সিএনজি স্টেশনে কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহ¯পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার হাজি ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক এবং সহকারীসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের প্রথমে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে একটি কাভার্ডভ্যান শতাধিক সিলিন্ডার নিয়ে বড়বাড়ি কুনিয়া এলাকার হাজি ওয়াহেদ আলী সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যেই কাভার্র্ড ভ্যানটিতে আগুন ধরা যায় এবং সিএনজি স্টেশনে ছড়িয়ে পড়ে। এ সময় কাভার্ড ভ্যান ও পাশে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেন।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আগুনের খবর পেয়ে ওই স্থানে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। এ ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।