ফের আন্দোলনের ঘোষণা রনির

রেলমন্ত্রীর চেয়ারে বসলে দুই বছরে সমস্যা মেটাব

রেলওয়ের সিদ্ধান্তে সন্তুষ্ট নন অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি। রেলওয়ের অনিয়ম দূরে যেসব দাবি তিনি জানিয়ে আসছেন, সেগুলো বাস্তবায়নে আর কিছুদিন অপেক্ষা করবেন। তা না হলে আগামী ১ নভেম্বর থেকে ফের আন্দোলনে নামবেন। একই সঙ্গে তাকে রেলমন্ত্রীর চেয়ারে বসতে দেওয়া হলে দুই বছরের মধ্যে রেলের অব্যবস্থাপনা দূর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার রেলমন্ত্রী ও রেলওয়ে মহাপরিচালকের আমন্ত্রণে রেলভবনে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তার দাবি-দাওয়াগুলো দুই বছরের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয় বলে রেলমন্ত্রী জানিয়েছেন উল্লেখ করে রনি বলেন, ‘মন্ত্রী নানা সমস্যার কথা বলেছেন। আমি বললাম, জনগণকে এটা বলেন। নয়তো সমাধান করে দেন। তখন তিনি বললেন, “তুমি আমার চেয়ারে এসে বসো”। আমি বললাম, যদি আপনার চেয়ারে এসে বসি তাহলে আমি এটা করে দেখাব। তখন তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তিনি আমাকে রেলের ইতিহাস শোনালেন।’