খুলনা, ঝালকাঠি ও দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। গত বুধবার রাত ও বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাগুলো ঘটে। প্রতিটি দুর্ঘটনাই ঘটেছে ট্রাকচাপায়। এর মধ্যে ঝালকাঠির দুর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত
ঝালকাঠি প্রতিনিধি জানান, জেলার বরিশাল-মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শহীদ খান ও জাহাঙ্গীর হোসেন নামে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের সমবায় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত আ. রশিদ নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মো. শহীদ খানের (৪৫) বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে। তার বাবার নাম শামসের খান। মো. জাহাঙ্গীর হোসেনের (৬০) বাড়ি একই উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তিনি মৃত মো. আলীর ছেলে। এ ছাড়া আহত আ. রশিদ (৪৮) একই উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের সফিক হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় সমবায় এলাকায় বরিশালগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা তিন যাত্রীর মধ্যে শহীদ নামে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় স্থানীয়রা গুরুতর আহত দুজন জাহাঙ্গীর ও রশিদকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে জাহাঙ্গীরেরও মৃত্যু হয়। পরে রশিদকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে পাঠানো হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বুধবার রাত ১২টায় পাথরবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মামুন (৩০) ও জাহিদ হাসান (৩২)। মামুন সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে ও জাহিদ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সুন্দরৈ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তারা দুজন প্রাণ কোম্পানির কর্মচারী। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা। তিনি জানান, রাতে কলেজ মোড় এলাকা থেকে মোটরসাইকেলে করে পাথরবোঝাই ট্রাক ওভারটেক করে টার্মিনালের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় অন্য একটি ট্রাক সামনাসামনি এলে দুই ট্রাকের মাঝে মোটরসাইকেলের হ্যান্ডেল আটকে গিয়ে রাস্তায় ছিটকে পড়েন দুজন। এতে চলন্ত ট্রাকের চাপায় পিষ্ট হন তারা।
এদিকে খলনা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বুধবার রাতে ট্রাকের ধাক্কায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) টোল আদায়কারীর মো. জাকির হোসেনের মৃত্যু হয়েছে। খানজাহান আলী থানাধীন আফিলগেটের গতিরোধকের সামনে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি নগরীর জোড়াগেটের মহাজের কলোনির বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, রাত ২টা ২০ মিনিটের দিকে আফিলগেটে টোল আদায়ের স্থানে দাঁড়িয়ে টোল আদায় করছিলেন জাকির। এ সময় খুলনাগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। তিনি রাস্তার ওপর পড়ে যান। মাথায় আঘাতপ্রাপ্ত হন। সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানার এএসআই দেব প্রসাদ বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।