পুলিশের আপত্তিতে জাতীয় জাদুঘরে কবীর সুমনের গানের অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় নতুন জায়গা খুঁজছিলেন আয়োজকরা। অবশেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কবীর সুমনের গানের অনুষ্ঠান করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার শুক্রবার দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘জাদুঘর কেপিআই এলাকা। নিরাপত্তার কথা ভেবে সেখানে অনুমনতি দেওয়া হয়নি। আয়োজকরা পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি চাইলে আমরা তা অনুমোদন করি’।
ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী কবীর সুমনের বিখ্যাত অ্যালবাম ‘তোমাকে চাই’ এর তিন দশক পূর্তিতে ঢাকায় ‘সুমনের গান’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট। শনিবার থেকে তিন দিনের এ আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালেই ঢাকা পৌঁছেছেন সুমন।
তিন দিনের এই অনুষ্ঠানের টিকেট বিক্রি হয়েছে আগেই। বুধবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান পিপহোল বলেছিল, তাদের সব প্রস্তুতি চূড়ান্ত। বিদেশি শিল্পীকে নিয়ে এই আয়োজনের সব অনুমতিই নেওয়া আছে।
কিন্তু ঢাকা মহানগর পুলিশ সায় না দেওয়ায় জাদুঘরে এই গানের অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়। অবশেষে সেই জটিলতার অবসান হল। আগামীকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে সেই অনুষ্ঠান।
প্রসঙ্গত, এর আগেরবারও কবীর সুমনের গানের অনুষ্ঠানের ভেন্যু নিয়ে সমস্যা হয়েছিল। কবীর সুমন শেষবার ঢাকায় এসেছিলেন ২০০৯ সালের অক্টোবরে। তখন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গান পরিবেশনে বাধা পেয়ে কলকাতায় ফিরেছিলেন। মধ্যে এক যুগ কেটে গেলেও আর ঢাকায় আসেননি তিনি। এক সাক্ষাৎকারে অভিমানের সুরে বলেছিলেন, বাংলাদেশে আর কখনও আসবেন না তিনি।
৩০ বছর আগে ‘তোমাকে চাই’অ্যালবামের মাধ্যমেই বাংলা গানের জগতে এক নতুন ধারার সূচনা করেন সুমন। ফলে বাংলাদেশে তার অগুনতি ভক্তদের মধ্যে তাকে নিয়ে রয়েছে তুমুল আগ্রহ।