কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী তাহসিন হোসাইনের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সৈকতের লাবণীপয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সি সেফ লাইফগার্ডের সুপারভাইজার মো. উসমান ও বিচকর্মী বেলাল হোসেন।
মৃত তাহসিন কুমিল্লা সদর দক্ষিণের ঠাকুরপাড়ার মোহাম্মদ গোলাম হোসেনের ছেলে।
মো. উসমান বলেন, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামে তাহসিন। এ সময় এক পর্যটক পানিতে ভেসে যাচ্ছে দেখে তাহসিন তাকে বাঁচাতে যায়। পরবর্তীতে সে নিজেই নিখোঁজ হয়। বিকেল সাড়ে ৩টার দিকে লাবণী পয়েন্টে মৃতদেহটি ভেসে আসে। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার সকালে কুমিল্লা থেকে চার বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে সরাসরি সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পড়ে। সকাল আটটার দিকে চার বন্ধুর দুই জন ফয়সাল ও তাহসিন গোসল করার এক পর্যায়ে সাগরের ঢেউয়ে ভেসে যায়। এ সময় সৈকতে কর্মরত সি সেফ লাইফ গার্ড ও বিচ কর্মীরা ফয়সালকে উদ্ধার করে। অপর বন্ধু তাহসিন সাগরে ভেসে গিয়ে নিখোঁজ হয়।
এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজান উজ জামান জানান, নিখোঁজ তাহসিনকে জেয়ারের পানিতে মৃতদেহটি ভেসে আসলে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।