অভিনেতা নন, পরিচালক হতে চান শাহরুখপুত্র আরিয়ান

কালো টিশার্টের ওপর বুকখোলা চেক শার্ট। কালো মাস্কে মুখ ঢাকা। তবুও ঠিক চেনা যায়। মুম্বাইয়ের বিমানবন্দরে নামলেন শাহরুখপুত্র আরিয়ান। দুবাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। শুক্রবার তাকে দেখেই ছেঁকে ধরলেন পাপারাজ্জিরা।

দ্রুত ক্যামেরায় পোজ দিয়ে হেঁটে বেরিয়ে গেলেন আরিয়ান। তিনি এখন খুব ব্যস্ত। অন্তর্মুখী এই তারকাপুত্রের মুখ অবশ্য বেশির ভাগ সময়েই ভাবলেশহীন। সম্প্রতি মাধুরী দীক্ষিতের নতুন ছবির প্রদর্শনীতে অনন্যা পণ্ডেকে তার দেখেও না দেখার ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। তবে ভক্তদের যে সব সময় উপেক্ষা করেন, এমনটা নয়। বিমানবন্দর থেকে বেরোচ্ছিলেন যখন, এক অনুরাগীর উদ্দেশে হাত নাড়েন আরিয়ান। সেই ভিডিও ছড়িয়ে পড়ল অন্তর্জালে। মন্তব্যের বন্যা পোস্টের নিচে।

এক অনুরাগী লিখলেন, 'আমাদের রাজা ফিরলেন।' আবার কেউ লিখলেন, 'হাবভাব পুরো সালমান খানের মতো!' তবে প্রশংসার ভিড়ে সবচেয়ে বেশি নজর কাড়ল যে কথাটি, তা হলো, 'ওকে সবাই মিলে বলুন যেন অভিনয়ে আসে। বিপুল জনপ্রিয় হবে।' অনেকেই এই মন্তব্যে সমর্থন জানান।

তবে অভিনয়ে মতি নেই আরিয়ানের। লেখক হওয়ার পথেই হেঁটেছেন তিনি। ইচ্ছে, ভবিষ্যতে পরিচালক হবেন। আপাতত চিত্রনাট্য লিখছেন বলিউডে। জানা গেছে, আরিয়ানের সঙ্গে সহচিত্রনাট্যকার হিসাবে হাত মিলিয়েছেন বিলাল সিদিক্কি। নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ 'বার্ড অব ব্লাড'-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জানা গেছে, চলতি বছরের শেষেই এই ওয়েব সিরিজের শুটিং শুরু হবে।

পরিচালনায় হাত পাকাতে এর আগে মুম্বাইয়ের একটি স্টুডিওর সেটে পরীক্ষামূলক শুটিং করেছিলেন আরিয়ান। এর মধ্যেই এই ওয়েব সিরিজের জন্য বহু অভিনেতার অডিশন নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, প্রীত কামানিকে এই সিরিজে অভিনয় করতে দেখা যেতে পারে। এর আগে 'জার্সি' ছবিতে কাজ করেন প্রীত।

এ প্রসঙ্গে শাহরুখ এক সাক্ষাৎকারে জানান, আরিয়ান গত চার বছর ধরে লেখালিখি, পরিচালনাসহ অন্যান্য কাজ শিখেছেন। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ফিল্মসংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনার জন্য বড় ডিগ্রিও আরিয়ানের ঝুলিতে রয়েছে বলে জানান শাহরুখ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া