প্রেক্ষাগৃহে 'রাগী', প্রথমবার খলচরিত্রে মুনমুন

দেশের মোট ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিজানুর রহমান মিজান পরিচালিত এবং আবির চৌধুরী, আঁচল আঁখি, মৌমিতা মৌ ও মুনমুন অভিনীত চলচ্চিত্র 'রাগী'। এ ছবির মাধ্যমে দীর্ঘ সময় পর বড় পর্দায় ফিরলেন আঁচল আঁখি ও মুনমুন। এই সিনেমায় মুনমুনকে প্রথমবারের মতো খল চরিত্রে দেখা যাবে।

নতুন লুক সম্পর্কে মুনমুন বলেন, 'নতুন লুকে দর্শকের সামনে হাজির হচ্ছি। এর আগে কখনো খল চরিত্রে অভিনয় করিনি। গল্পটা পড়ে ভালো লেগেছে তাই অভিনয় করেছি। আশা করছি, দর্শকের ভালো লাগবে।'

চিত্রনায়ক আবির বলেন, 'দর্শক যদি আমাদের সিনেমা দেখে তবে তাদের অন্য দেশের সিনেমার দিকে তাকাতে হবে না। সে চাহিদা আমরা পূরণ করতে পারব। আশা করি ছবিটি সবাই হলে এসে দেখবেন।'

দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান চিত্রনায়িকা আঁচল।

ছবিটিতে আরো অভিনয় করেছেন সনি রহমান, শাকিল আহমেদ, মারুফ, আর এফ রোমিও, লায়ন, ব্রুসলি, তনু পান্ডে, তুহিন চৌধুরী, জিয়া তালুকদার, অন্তরা প্রমুখ।

জাকিরা খাতুন জয়া প্রযোজিত 'রাগী' ছবির সংগীত পরিচালনা করেছেন আহাম্মেদ হুমায়ুন। এতে গান করেছেন ইমরান, কনা, শাওন গানওয়ালা ও কর্ণিয়া।