যৌনকর্মী ও গ্যাংস্টারদের ভিডিও ক্যাসেটের ডেলিভারি বয় ছিলেন মধুর ভাণ্ডারকর

বলিউডের অন্যতম চলচ্চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকর। 'চাঁদনি বার', 'পেজ থ্রি', 'ফ্যাশন' এবং 'হিরোইন'-এর মতো ছবি তৈরি করেছেন তিনি। বক্স অফিসের সঙ্গে সঙ্গে ফিল্ম সমালোচকদের থেকেই প্রশংসা কুড়িয়ে নেন মধুর। কিন্তু জানেন কি, কিশোর বয়সে আজব আজব সব কাজ করতেন তিনি।

সম্প্রতি এক সংবামাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মধুর জানান, আমি খুবই নিম্নবিত্ত পরিবারে বড় হয়েছি। টাকা-পয়সার জন্য স্কুল ছাড়তে হয়েছিল। এমনকি, পরীক্ষায় ফেলও করি। সালটা ১৯৮২। টাকা রোজগার করার জন্য নতুন নতুন কাজের সন্ধান করতাম। তখন ভিডিও ক্যাসেটের যুগ। আমি হঠাৎ করে ভিডিও ক্যাসেটের ডেলিভারি বয় হয়ে গেলাম। ১০ টাকায় ভিডিও ক্যাসেট কিনতাম। আর তা বিক্রি করতাম ৩০ টাকায়। বহুদিন এ কাজ করেছি। আমি মূলত যৌনকর্মী ও গ্যাংস্টারদের ওই ভিডিও ক্যাসেট বিক্রি করতাম।

মধুর আরও বলেন, 'প্রথমে সাইকেল, তারপর স্কুটার। আমি সুভাষ ঘাই, মিঠুন চক্রবর্তীর বাড়িতেও ক্যাসেট বিক্রি করতাম। মিঠুনদা তো আমাকে খুব ভালোবাসতেন। প্রয়োজনে অগ্রিম টাকাও দিতেন। সত্যি কখনো ভাবিনি, সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই চলে আসব। বা হয়তো এই কারণেই সিনেমার প্রতি আমার এত প্রেম।'

তিনি জানান, ভিডিও ক্যাসেটের সময় শেষ হওয়ার পরে আমি দুবাই চলে যাই। সেখানে বহু কারাখানায় কাজ করি। তারপর ফের মুম্বাই ফিরে এসে রামগোপাল বর্মার সহকারী হয়ে কাজ করি। সেই থেকেই সিনেমার পরিচালনায় আসা।

মধুর ভাণ্ডারকর সব সময়ই বাস্তবের থেকে গল্প ধার করে সিনেমা তৈরি করেন। মধুরের কথায়, 'আমার জীবনটা যেহেতু স্ট্রাগলে ভরা সেই কারণেই গল্পের অনুপ্রেরণা জীবন থেকে পাই।' সূত্র : নিউজ ১৮