ছাত্রদলের সাবেক নেতা আশিককে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে রাজধানীর মিরপুর থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি এবং তার পরিবারের সদস্যরা।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-৬/এ বাসার নিচ থেকে পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

এদিকে, মফিজুর রহমান আশিককে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার সন্ধান দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, হয়তো কোনো অসৎ উদ্দেশে ছাত্রদলের সাবেক নেতা আশিককে তুলে নেওয়া হয়েছে। তাকে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তিনি অবিলম্বে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রতি আশিককে সন্ধান দেওয়ার অনুরোধ জানান।

ছাত্রদলের সাবেক নেতা আশিকের ছোট ভাই হিরু রহমান দেশ রূপান্তরকে জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বড় ভাইয়ের সাথে কথা হয়েছে। মাগরিবের পর ওনাকে একটি প্রয়োজনে ফোন দিলে সব নম্বর বন্ধ পায়। পরে তার বাসার পাশের লোকজন জানায়, তাকে ডিএমপির কাউন্টার টেরোরিজমের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি জানান, আমার ভাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক এবং পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে ব্যবসার সাথে যুক্ত এবং বিদেশে পড়াশোনা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রসঙ্গত, মফিজুর রহমান আশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাশঁখালীতে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, এ ধরনের কোনো বিষয় তার জানা নেই।