১৭ অক্টোবর আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। এতদিন একাদশ নিয়ে যে পরীক্ষা চলেছে তা ওই ম্যাচের আগেই থামবে। কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিজেই এর নিশ্চয়তা দিয়েছেন। তার আগে বিশ্বকাপের চূড়ান্ত একাদশে আরও দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশÑ যা এতদিনে একাদশ নিয়ে কাটাছেঁড়ার ফসল। বাদ পড়ছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এ দুজন এখন স্ট্যান্ডবাই। তাদের জায়গায় নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের পছন্দের তালিকায় চলে আসা সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম সুযোগ পেয়েছেন।
পরিবর্তনের চিন্তাটা মেকশিফট ওপেনার থেকে সরে আসার জন্যই। জানা গেছে সাব্বির ও মেহেদী হাসান মিরাজকে ওপেনে খেলানোর চিন্তা থেকে অবশেষে সরে এসেছে টিম ম্যানেজমেন্ট। নিয়মিত ওপেনার লিটন ও সৌম্যকে ওপেনে খেলানো হবে। ব্যাকআপ হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত ও মিরাজ। এছাড়া তিনে আফিফ হোসেনকে সুযোগ দেওয়ার পক্ষে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অনেকেই। তবে এসব কিছুর নিশ্চয়তা আসবে প্রস্তুতি ম্যাচ থেকে। কাল অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে নান্নু জানান, ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচে আর কোনো পরীক্ষা নয়। ওই ম্যাচ দুটির একাদশই হবে বিশ্বকাপের জন্য বাংলাদেশের সেরা একাদশ, ‘সব হেড কোচেরই একটা পরিকল্পনা থাকে, সে অনুযায়ীই আগায়। বিশ্বকাপের আগে কথাই ছিল যে সবাইকে দেখে পরীক্ষা-নিরীক্ষা করে তারপর ব্রিসবেন থেকে আসল পরীক্ষাটা শুরু। তো এই প্রস্তুতি ম্যাচে আর পরীক্ষা নিরীক্ষা হবে না।’
আজ নিউজিল্যান্ড থেকে ব্রিসবেনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।