ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সায়মন নামে এক যুবক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলো মো. ইউসুফ (২১) ও ইকবাল (২০)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বাসায় ফেরার পথে সায়মন ও রাব্বি নামে দুই বন্ধু ছিনতাইকারীর কবলে পড়েন। তারা বলেন, সায়মন নাকি মেরে তাদের বড় ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছেন। পরে ছবি মিলিয়ে দেখার কথা বলে রিকশায় করে দুই বন্ধুকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নেওয়া হয়। এ সময় সায়মনকে একটু দূরে নিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার পর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন।