অস্ত্র ও অন্যান্য সামরিক সহায়তার প্যাকেজ হিসেবে ইউক্রেনকে অতিরিক্ত ৭২ কোটি ৫০ লাখ ডলার পাঠাবে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস জানিয়েছে, এই সপ্তাহে ইউরোপিয়ান মিত্র দেশগুলো কিয়েভ ও অন্যান্য অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার পর ওয়াশিংটন এই আর্থিক সহায়তার ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিনকেল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন যে, ইউক্রেনজুড়ে রাশিয়ার নৃশংস ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে এই সহায়তা দেওয়া হচ্ছে।
পরে এক টুইট বার্তায় ব্লিনকেন বলেন, ইউক্রেনীয় প্রতিরোধ বাহিনী রুশ সৈন্যদের পিছু হটিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে ঐক্যবদ্ধ।
গত বুধবার ইউক্রেনকে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ করার ঘোষণা দেয় দেশটির ন্যাটো-নেতৃত্বাধীন মিত্ররা।
ব্রাসেলসে ন্যাটোর হেডকোয়ার্টারে ইউক্রেনের ৫০টি মিত্র দেশের বৈঠক থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।
যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, এবং নেদারল্যান্ডস অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই দেশগুলো ক্ষেপণাস্ত্র এবং রাডার পাঠাবে।
ব্রাসেলসে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন বলেছিলেন, ইউক্রেনের জন্য যেটা দরকার, সেটাই আমরা করতে যাচ্ছি’।