নেত্রকোনায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে জুবায়ের শাহ ওরফে জিকেল (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে একই গ্রামের প্রতিপক্ষরা।
শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত জিকেল নেত্রকোনার মদন উপজেলায় ফতেপুর ইউনিয়নের হাসনপুর শাহজীবাড়ির মো. আজিজুল ইসলামের ছেলে। তিনি বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির অদূরে বনতিয়শ্রী উত্তরপাড়ায় গানের আসরে গান শুনে বাড়ির দিকে আসছিলেন জিকেল। পথে মোবাইলে কল আসলে দেওয়ালখালী ব্রিজের দক্ষিণ পাশে দাঁড়িয়ে কথা বলার সময় তার ওপর প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়।
জিকেলের পিঠের বাম পাশে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। ছুরিটি ভেঙে এর অর্ধেক অংশ তার দেহের মধ্যে আটকে থাকে। তার ডাক-চিৎকারে এই অবস্থায় উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।
পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
আহত জিকেলের বাবা মো. আজিজুল ইসলাম বলেন, হাসনপুর গ্রামের উত্তর-পূর্ব কোণায় শান্তিপুর মহল্লায় প্রতিপক্ষ বরুজ মিয়া, রেনু মিয়া ও সমুন মিয়াদের জমির সাথে আমার প্রায় এক একরের মতো জমি রয়েছে। তারা বিভিন্নভাবে এই জমি চাষাবাদ করতে বাধা দিতে থাকে।
চলতি বছরের মার্চ মাসের দিকে এ জমি নিয়ে তাদের সাথে মারামারি ঘটনায় আদালতে মামলা চলমান আছে। এসব বিষয়কে কেন্দ্র করে বরুজ মিয়ার ছেলে রাজেক (২৫), রেনু মিয়ার ছেলে সুমন (৩০) ও ফেরদৌস মিয়ার ছেলে এহসান গংরা চার-পাঁচটি মোটরসাইকেল যোগে প্রায় ১২-১৫ জন মিলে আমার ছেলে জিকেলের ওপর অতর্কিত হামলা চালায়।
মদন থানা পরিদর্শক মাজেদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এর আগেও দুই পক্ষের নামে মামলাও আছে।