ময়মনসিংহে বিএনপির সমাবেশের আশপাশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে বাঁশের তৈরি লাঠি নিয়ে যাওয়ার পথে গফরগাঁওয়ে সিএনজি চালক চার ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী স্কুল বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি রাশেদুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল মিয়া (১৯), রনজিত মজুমদার (১৯), রাকিব (২০) ও মো. সাফাতুল্লা (৪৫)।
জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে সিএনজি করে বাঁশের তৈরি লাঠিসহ উপজেলার মশাখালী ইউনিয়নের ৪ জন ছাত্রদল কর্মী ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করে। মুখী স্কুল বাজার ব্রিজ এলাকায় বাঁশের লাঠি দেখে আওয়ামী লীগের কর্মী ও স্থানীয় জনতা তাদের আটক করে পাগলা থানা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিভর্তি বাঁশের তৈরি লাঠিসহ ৪ জনকে গ্রেপ্তার করে।