ময়মনসিংহে জেলা ও মহানগর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল ও টিয়ারগ্যাস শেলের শব্দ শোনা যায়। তবে, পুলিশ টিয়ারগ্যাস শেল ছোড়ার ঘটনা অস্বীকার করেছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ শনিবার বিকেল তিনটায় রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালনের জন্য জমায়েত হয়। এতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে কয়েক শ নেতা-কর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে মুখোমুখি হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় খাওয়া পাল্টা ধাওয়ায় ও ইটপাটকেল নিক্ষেপে ৩ জন আহত হয়। পরে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
রেলওয়ে স্টেশন সুপারেন্টেডেন্ট জাহাঙ্গীর আলম জানান, ওই সময় ককটেল ও টিয়ার শেলের শব্দ শোনা যায়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারি না।