এ বছর ঈদে মুক্তি পেল না। দিওয়ালিতেও মুক্তি পাচ্ছে না সালমান খানের 'কিসি কা ভাই কিসি কি জান'। শুধু তা-ই নয়, ভাইজানের পরবর্তী ছবি 'টাইগার ৩'-এর মুক্তিও পিছিয়ে গেল। শনিবার ঘোষণা করা হলো, ছবি মুক্তির পরিবর্তিত তারিখ।
অনুরাগীরা জানতেন, 'টাইগার ৩'-এর আগে সালমানকে 'কিসি কা ভাই কিসি কি জান'-এ দেখা যাবে। চলতি বছর ৩০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তার বদলে তারিখ পিছিয়ে নিয়ে যাওয়া হলো পরের বছর। আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা না হলেও, শোনা যাচ্ছে, ২০২৩ সালের ২১ এপ্রিল, ঈদের দিন 'কিসি কা ভাই কিসি কি জান' মুক্তি পাবে। পরিবার নিয়ে দেখার মতো বিনোদনমূলক ছবি এটি। পরিচালনায় ফরহাদ সামজি। সালমান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জসসি গিল এবং রাঘব জুয়াল। ভেঙ্কটেশ এবং জগপতি বাবুও ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন।
২০০৯ সাল। সালমান অভিনীত 'ওয়ান্টেড' মুক্তি পেয়েছিল ঈদে। সে ছবি বিপুল হিট হতে, পরের বছর থেকে ঈদের দিন ছবিমুক্তির ধারাবাহিকতা চলতে থাকে। বলতে গেলে, সালমানের ছবি আর ঈদ এখন সমার্থক হয়ে গিয়েছে ভক্তদের কাছে।
২০২০ সালের ইদে মুক্তিপ্রাপ্ত 'দাবাং'ও ব্লকবাস্টার ছিল। একইভাবে 'বডিগার্ড' এবং 'এক থা টাইগার' মুক্তি পেয়েছিল যথাক্রমে ২০১১ এবং ২০১২ সালে। ২০১৩ সাল ফাঁকা গিয়েছিল। কিন্তু ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত, প্রতিবছর উৎসবের মৌসুমে একটি করে ছবি এসেছে সালমানের। 'কিক' (২০১৪), 'বজরঙ্গি ভাইজান' (২০১৫), 'সুলতান' (২০১৬), 'টিউবলাইট' (২০১৭), 'রেস ৩' (২০১৮) এবং 'ভারত' (২০১৯)। ২০২০ সালের ঈদে 'রাধে' প্রেক্ষাগৃহে আসার জন্য প্রস্তুত ছিল, কিন্তু করোনা সব পরিকল্পনা ভেস্তে দেয়। 'রাধে' শেষমেশ মুক্তি পায় ২০২১ সালের ঈদে।
মহামারির কারণে শুটিং থমকে গিয়েছিল বলে জানান সালমান। চলতি বছর ঈদেও তাই খরা গিয়েছে। সে দিক থেকে দেখলে 'কিসি কা ভাই কিসি কি জান'-ই 'দাবাং'-এর পর সালমানের ছবির প্রথম বড় মাপের প্রেক্ষাগৃহ-মুক্তি।
কিছু দিন আগেই পোস্টার প্রকাশ্যে আসে। যেখানে বলা ছিল, দিওয়ালিতে এই ছবি মুক্তি পাচ্ছে। তার পরই ঘোষণা শনিবার, 'টাইগার ৩' এবং 'কিসি কা ভাই কিসি কি জান' দুই ছবির মুক্তিই আপাতত স্থগিত রইল। জানা গিয়েছে, মনীশ শর্মা পরিচালিত 'টাইগার ৩' মুক্তি পাবে ২০২৩ সালের দিওয়ালিতে। সে ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া