আ.লীগ কচুপাতার পানি নয় যে ধাক্কা দিলে টলমল করে পড়ে যাবে: হানিফ

আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া রাজনৈতিক দল উল্লেখ করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কোনো ভূঁইফোড় সংগঠন নয়। কোনো কচুপাতার পানি নয় যে ধাক্কা দিলে টলমল করে পড়ে যাবে।

শনিবার (১৫ অক্টোবর) নয়াপল্টনে (জামাতখানায়) ঢাকা মহানগর দক্ষিণের অর্ন্তগত পল্টন থানা ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচির বিষয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি নেতারা ১০ ডিসেম্বরের স্বপ্ন দেখছেন। ১০ ডিসেম্বর বলে কিছু নেই। ৭৩ বছরের আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর শক্তি বিএনপি বা কারো নেই। সরকার পতনের এসব হুংকার বন্ধ করুন।

বিএনপির দেশ পরিচালনার মেধা ও দক্ষতা নেই দাবি করে হানিফ বলেন, বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করছে। রাজনৈতিক কর্মসূচি যদি গণতান্ত্রিকভাবে পালন করতে পারেন আমাদের পক্ষ থেকে বাধা নেই। আন্দোলনের দোহাই দিয়ে দেশে সন্ত্রাস, সহিংসতা, নাশকতা করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তা দমন করবে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের মোকাবিলার প্রয়োজন পড়বে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে বর্তমান সরকারের অধীনে হবে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। নির্বাচনকে আরও অধিক গ্রহণযোগ্য করার জন্য যদি সংবিধানের মধ্যে থেকে আপনাদের কোনো পরামর্শ থাকে আপনারা দিতে পারেন। সরকার ও নির্বাচন কমিশন অবশ্যই বিবেচনা করবে।

সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র  শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  হুমায়ুন কবির প্রমুখ।