পঞ্চগড়ে নৌকাডুবি নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনায় নিহতদের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মদনহার সৎসঙ্গ শাখা আশ্রম মন্দিরে জেলা সৎসঙ্গ শাখা এ বিশেষ প্রার্থনার আয়োজন করে। সকাল থেকেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার সৎসঙ্গের সদস্যরা আশ্রমে আরতি দিয়ে ভক্তি আরাধনা করেন। এ সময় সমবেত প্রার্থনাসহ নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।

পরে নৌকাডুবির ঘটনায় নিহত ৭২ জনের পরিবারের সদস্যদের হাতে পাবনার হেমায়েতপুর শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রমের সহযোগিতায় প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা, শাড়ি-ধুতি তুলে দেন পাবনার হেমায়েতপুর শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রমের সাধারণ সম্পাদক প্রধান অতিথি রঞ্জন কুমার সাহা।

এর আগে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মদনহার সৎসঙ্গ শাখা আশ্রম চত্বরে নিহতের স্মরণে সভা হয়। জেলা সৎসঙ্গ শাখার সভাপতি প্রকৌশলী রণজিৎ কুমার বর্মণের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রঞ্জন কুমার সাহা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সৎসঙ্গ শাখার সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র বর্মণ, পাঁচপীর ইউনিয়নের চেয়ারম্যান অজয় কুমার রায়, জেলা সৎসঙ্গ শাখার সহসভাপতি, মদনহার সৎসঙ্গ শাখা আশ্রমের সভাপতি জনার্দন চন্দ্র রায় প্রমুখ।