করোনায় আরও ২ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) ২৯৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ সময় মারা গেছেন ২জন। এর আগের দিন গত শুক্রবার রোগী শনাক্ত হয়েছিল ৩৪৬ জন। সেদিন ৪ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩২ হাজার ৯২ জন হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৫। গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৮ শতাংশে। এর আগের দিন গত শুক্রবার শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৫ শতাংশ। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৪১ হাজার ৮৬টি। পরীক্ষা বিবেচনায় সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ২৯৫ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৫২ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন ও সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।  রংপুর বিভাগে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃত ২ জনের মধ্যে একজন চট্টগ্রামে ও অন্যজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১ জন ও নারী ১ জন। দুজনই সরকারি হাসপাতালে মারা গেছেন। একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ও অন্য জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে।