সুপ্রিম কোর্টে প্রায় দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে আজ রবিবার থেকে আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। গত ৪ সেপ্টেম্বর থেকে গতকাল শনিবার পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটির সঙ্গে অবকাশকালীন ছুটি ছিল উচ্চ আদালতে। এ সময়ে আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারকাজ বন্ধ ছিল।
তবে প্রধান বিচারপতির গঠন করে দেওয়া হাইকোর্টের কিছু অবকাশকালীন বেঞ্চ এবং আপিল বিভগের চেম্বার আদালতে সীমিত পরিসরে ফৌজদারি, দেওয়ানি এবং অন্যান্য মামলার শুনানি ও নিষ্পত্তি হয়। এ ছাড়া অবকাশের এই সময়ে ৯টি বিশেষ বেঞ্চে নির্ধারিত কার্যদিবসে মৃত্যুদন্ড-সংক্রান্ত ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) মামলার শুনানি ও নিষ্পত্তি হয়।
এদিকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আজ রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরের লনে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।