নৌকা ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে তিন শিক্ষার্থী মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। ওই তিন শিক্ষার্থী কদমরসুল দরগার মেলা দেখে বাড়ি ফিরছিলেন তারা হলেনÑ মো. শাওন, শাহ পরান ওরফে জিম ও রিফাত হোসেন। তাদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। নিহত তিনজনই শহরের খানপুর ডনচেম্বার এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জ বার একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী। নারায়ণগঞ্জ নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন জানান, তারা ১০ থেকে ১২ জন মিলে নবীগঞ্জ এলাকার মেলায় ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে নদী পার হতে একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। মাঝনদীতে নৌকা ডুবে গেলে অন্যরা সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন ওই তিনজন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

একই নৌকায় থাকা তামিম মিয়া নামে একজন বলেন, তিন শিক্ষার্থীর সবাই মিলে বন্দরের নবীগঞ্জ মেলায় ঘুরতে গিয়েছিল। মেলা ঘুরা শেষে ইঞ্জিন চালিত নৌকাযোগে ফেরার পথে একটি বড় জাহাজের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আর কোনো নিখোঁজের দাবিদার নেই। নৌকায় প্রায় ১০ জনের অধিক যাত্রী ছিল। নৌকাটি কীভাবে ডুবেছে তার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে কোনো নৌযান নৌকাটিকে ধাক্কা দেয়নি বলে জানতে পেরেছি।