জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে যোগ দিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ও দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা। তাকে আসন্ন ২৬ নভেম্বরের জাতীয় সম্মেলন সফল করতে গঠিত প্রস্তুতি কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গতকাল শনিবার সকালে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্র সুপারিশক্রমে সোহেল রানাকে অন্তর্ভুক্তিপত্রে স্বাক্ষর করেন ১০ম জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। একই নির্দেশনায় আরও চারজনকে সম্মেলন প্রস্তুতি কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য সুপারিশপত্রে স্বাক্ষর করেছেন বেগম রওশন এরশাদ। তারা হলেনÑ ওয়াহিদুজ্জামান সরকার বাদশা (গাইবান্ধা), মনোয়ার আলম (কক্সবাজার), মুহিবুল কাদের চৌধুরী পিন্টু (মৌলভীবাজার) ও মো. মঞ্জুরুল হক সাচ্চা (গাইবান্ধা)।