গাজীপুরের কাপাসিয়ায় গলার টনসিল অস্ত্রোপচার করতে গিয়ে শ^াসনালি কেটে ফেলায় আলমগীর হোসেন (৩২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আমরাইদ পপুলার ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে (পুরনো নাম আমরাইদ সেবা হাসপাতাল) গত শুক্রবার এ ঘটনা ঘটে।
আলমগীর হোসেন কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের চরদুর্লভখা নামাপাড়া এলাকার সবজি ব্যবসায়ী আনোয়ার হোসেন আনারের ছেলে।
চাচাতো ভাই জাকির হোসেন জানান, দুবাইফেরত আলমগীর শুক্রবার সকালে টনসিলের অস্ত্রোপচারের জন্য ওই হাসপাতালে ভর্তি হন। পরে বেলা ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দীর্ঘ সময় পর স্বজনরা জানতে পারেন, চিকিৎসক অস্ত্রোপচারের সময় ভুলবশত শ্বাসনালি কেটে ফেলায় আলমগীরের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। এমন পরিস্থিতিতে নানাভাবে চেষ্টা করেও রক্তক্ষরণ পুরোপুরি বন্ধ করতে ব্যর্থ হলে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আলমগীরের তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে এবং তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতাল কর্র্তৃপক্ষ ও স্থানীয় প্রভাবশালী একটি মহল সারারাত নানাভাবে চেষ্টা চালায়। পরে বিষয়টি জানাজানি হলে গতকাল শনিবার দুপুরে কাপাসিয়া থানা পুলিশ বাড়ি থেকে আলমগীরের লাশ থানায় নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, তিনি গতকাল বেলা আড়াইটার দিকে বিষয়টি জেনেছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. শারফদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, এলাকাবাসীর কাছ থেকে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কল পেয়ে আলমগীরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।