ঝিনাইদহে প্রতিমা ভাঙচুর, পরিকল্পনাকারী ছাত্রলীগ নেতা পলাতক

ঝিনাইদহের শৈলকুপায় কালী প্রতিমা ভাঙচুরের মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও পলাতক রয়েছেন পরিকল্পনাকারী শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ অক্টোবর রাতে উপজেলার ডাউটিয়া গ্রামের শতবছরের পুরোনো কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনায় পরদিন মন্দির কমিটির সভাপতি সুকুমার মন্ডল বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট তদন্ত করে কুশাবাড়ীয়া গ্রাম থেকে আসাদুজ্জামান হিরো নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই গ্রামের তুষার ও সাজ্জাদ নামের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আশিকুর রহমান বলেন, শৈলকুপার গড়াই নদীতে নৌকায় অশ্লীল কাজ ও জুয়া পুলিশ বন্ধ করে দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস ক্ষিপ্ত হয়। পুলিশকে শায়েস্তা করার জন্য প্রতিমা ভাঙচুরের পরিকল্পনা করে সে। যা বাস্তবায়ন করে গ্রেপ্তারকৃত তিন জন। তবে এখনও পলাতক রয়েছে প্রধান পরিকল্পনাকারী দিনার।