এল ক্লাসিকোতে সুপার নাইনের লড়াই

চ্যাম্পিয়নস লিগে এবারও প্রথম পর্ব থেকে বিদায় প্রায় অবধারিত বার্সেলোনার। লা লিগা শিরোপা জয়ই তাদের আরাধ্য এখন। বড় বাধা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টে সমান তারা। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে এবারের প্রথম এল ক্লাসিকো খেলতে সান্তিয়াগো বার্নাব্যুতে গেছেন লেভানডফস্কি-পেদ্রিরা। এই প্রতিযোগিতায় মুখোমুখি ম্যাচের ফল বড্ড গুরুত্বপূর্ণ। তাই আজ জিতলে এগিয়ে যাওয়া যাবে বার্সার।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মানসিকভাবে এগিয়ে থাকাটা জরুরি। বার্সার মধ্যমাঠের সেরা পেদ্রি বলছেন চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতা থেকে বের হতে হবে, ‘আমরা চ্যাম্পিয়নস লিগে কঠিন ধাক্কা খেয়েছি। এমন ফলাফল আশা করিনি। এমন ম্যাচের পর অনেক কিছু নিয়েই ভাবনা আসে যে আরও ভালো করতে পারতাম। আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। সামনে এগিয়ে যেতে হবে। আর তার জন্য এল ক্লাসিকো সবচেয়ে ভালো মাধ্যম। আমরা সমর্থকদের ভালো ফলাফল দিতে পারিনি। তবে আশা করছি এল ক্লাসিকোতে পারব।’

বার্সেলোনা যে লিগে দারুণ করছে রিয়াল কোচ আনচেলত্তি তার ছেলেদের তা মনে করিয়ে দিয়েছেন, ‘আমরা এমন এক দলের বিপক্ষে খেলতে যাচ্ছি যারা প্রথম ম্যাচ ড্রয়ের পর সব জিতেছে। লিগে দারুণ ফর্মে আছে। হয়তো চ্যাম্পিয়নস লিগে বিপদে পড়েছে কিন্তু লা লিগায় তারা দুর্দান্ত।’

দু’দলের লড়াইয়ের ভেতর আরেক লড়াইয়ের দেখাও মিলবে এল ক্লাসিকোতে। দু’দলের ‘নাম্বার নাইন’-এর লড়াই। অর্থাৎ বেনজেমা বনাম লেভানডফস্কি। পোলিশ ফরোয়ার্ড লেভা দারুণ ফর্মে। সবশেষ ম্যাচে ইন্তারের বিপক্ষে করেন জোড়া গোল। লিগে আট ম্যাচে করেছেন ৯ গোল। মৌসুমে ১২ ম্যাচে করেছেন ১৪ গোল।

অন্যদিকে করিম বেনজেমা ইনজুরির কারণে তিন লিগ ম্যাচে খেলেননি। বাকি ৫ ম্যাচে তার গোল ৩টি। মোট ৯ ম্যাচে ৪ গোল। তবে বেনজেমা ফর্মে থাকলে কী হতে পারে তা দেখা গেছে গেল চ্যাম্পিয়নস লিগেও। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। লা লিগাতেও ২৭ গোল করে জিতেছেন পিপিচি ট্রফি।

লেভা গেল দুবারের ফিফার বর্ষসেরা। আর বেনজেমা এবারের ব্যালন ডি’অরে জয়ী হিসেবে সবচেয়ে এগিয়ে। তাই এ দুজনের মাঠের লড়াইটাও উপভোগ্য হবে বেশ। আগে এল ক্লাসিকো মানে ছিল মেসি-রোনালদো দ্বৈরথ। রোনালদো রিয়াল ছাড়ার পর হয় মেসি-বেনজেমা দ্বৈরথ। এবার বেনজেমা-লেভানডফস্কি লড়াই দেখার অপেক্ষা।

দু’দলের ২৮৪তম এল ক্লাসিকো এটি। আগের ১১৭টি জিতেছে বার্সেলোনা, ১০৪টিতে জয় রিয়ালের। ড্র বাকি ৬২ ম্যাচ। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়ালের জয়ের পাল্লা ভারী। লিগ, চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ সব মিলিয়ে আগের ২৪৯ ম্যাচে বার্সেলোনা জিতেছে ৯৭, রিয়াল ১০০।

এই ম্যাচে বিশেষ জার্সি পরে মাঠে নামবে বার্সেলোনা। তাদের স্পন্সর স্পটিফাই। এই প্ল্যাটফর্মে ৫০ বিলিয়ন স্ট্রিম হওয়া প্রথম আর্টিস্ট ড্রেক। সেটি উদযাপনের অংশ হিসেবেই বিশেষ জার্সিতে খেলবেন বার্সার খেলোয়াড়রা।