পাকিস্তানে হাসপাতালের ছাদে পঁচা-গলা ৪০০ লাশ আসলে কাদের?

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি হাসপাতালের ছাদ থেকে পচন ধরা যে ৪০০ মৃতদেহ উদ্ধার হয়েছে, সেগুলো কাদের? শনিবার এই ঘটনা সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। মনে করা হচ্ছে, ওই লাশগুলো সম্ভবত বেলুচ বা পশতুনদের। ইসলামাবাদের বিরুদ্ধে জোর করে যাদের গুম করার অভিযোগ দীর্ঘ দিনের।

মুলতানের পাঞ্জাব নিশতার হাসপাতালে যে, ৪০০টি মৃতদেহ পাওয়া গিয়েছে তার মধ্যে বহু দেহ থেকে অঙ্গপ্রতঙ্গ বের করে নেওয়ার চিহ্নও মিলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক দাবি করেছেন, শারীরিক গঠন এবং পরনের পোশাক দেখে প্রাথমিক ভাবে মৃতদেহগুলো বেলুচ বা পশতুনদের বলে মনে করা হচ্ছে। বেলুচ বা পাশতুনদের শারীরিক গঠন পাহাড়ি এলাকায় মানুষের শারীরিক গঠনের মতো। এই প্রসঙ্গে সঠিক উত্তর পাওয়ার একমাত্র পথ হল ডিএনএ পরীক্ষা করানো। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসকের দাবি, মুলতানের হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহগুলোর ডিএনএ পরীক্ষা করাবে না বলে ঠিক করেছে যাতে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়া যায়।

এখনও চিহ্নিত না হওয়া দেহগুলো বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের বাসিন্দাদের বলেই মনে করা হচ্ছে। দীর্ঘ দিন ধরেই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এই দুই অঞ্চলের বাসিন্দাদের গুম করে দেওয়ার অভিযোগ উঠছে।

সংবাদ সংস্থা এএনআইকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা চৌধুরি জামান গুজ্জর জানিয়েছেন, তিনি হাসপাতাল পরিদর্শন করছিলেন। সেই সময় এক ব্যক্তি এসে তাকে বলেন, ‘আপনি যদি সত্যি ভাল কাজ করতে চান তাহলে মর্গে যান। নিজের চোখে দেখুন কী চলছে’।

জামান জানিয়েছেন, তিনি হাসপাতালের মর্গে পৌঁছালে তাকে আটকানোর চেষ্টা করেন কর্মীরা। কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মর্গে ঢুকতে না পারলে সবার বিরুদ্ধে এফআইআর করব’। জামানের আরও দাবি, তিনি যখন চিকিৎসকদের লাশের স্তূপের কথা জিজ্ঞেস করেন তখন জবাব পান, ওই দেহগুলো চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য রাখা হয়েছিল।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতারা পাকিস্তানের বাহিনীর বিমাতৃসুলভ ব্যবহারের অভিযোগে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন মানবাধিকার সংগঠনের কড়া নেড়ে চলেছেন। তাদের অভিযোগ, পাকবাহিনী ওই এলাকার পুরুষদের তুলে নিয়ে যাওয়াকে অভ্যাসে পরিণত করে ফেলেছে। একবার তুলে নিয়ে গেলে আর তার খোঁজ মেলে না বলেও দাবি বিচ্ছিন্নতাবাদী নেতাদের। এ বার তাদের দাবি, সব কটি মৃতদেহের ডিএনএ পরীক্ষা করানোর। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনেও তারা এই দাবি জানিয়েছেন।

এ দিকে ঘটনার গুরুত্ব বুঝে পাকিস্তান সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। দক্ষিণ পাঞ্জাব স্বাস্থ্য দফতর এ বিষয়ে তদন্তের জন্য ছয় সদস্যের কমিটি তৈরি করেছে।