'আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো এখন। আকাশ দেখছি হাসপাতালে বসে'- ভালো আছেন বাংলাদেশের কৌতুকশিল্পী আবু হেনা রনি। ঠিক ৩০ দিন আগের ঘটনা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চার বছরের পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন রনি। পুড়ে যায় শরীরের প্রায় ২৫ শতাংশ।
৩০ দিনের যুদ্ধ শেষে নিজের ভালো হয়ে ওঠার খবর শোনালেন রনি। হাসপাতালের জানালা থেকে ছবি পোস্ট করে সুস্থ হয়ে ওঠার জানান দিলেন। লিখলেন, 'আলহাম্দুলিল্লাহ, অনেকটা ভালো এখন। আকাশ দেখছি হাসপাতালে বসে। চারপাশের সুন্দর মানুষদের দোয়ায় এবং চেষ্টায় সুন্দর হয়ে উঠছে আমার চারিদিক। আপনাদের কথা কখনো যেন ভুলে না যাই। ভালোবাসা সবার জন্য।'
বাংলাদেশের রনি কলকাতায় বেশ জনপ্রিয়। মীর সঞ্চালিত রিয়েলিটি শো জেতার পরই দর্শকের নজরে আসেন রনি। কৌতুকশিল্পীর এই অবস্থা জানার পর থেকেই উদ্বিগ্ন ছিলেন মীর, শ্রীলেখা মিত্রসহ টালিগঞ্জের অনেক তারকাই।'
রনি প্রসঙ্গে মীর বলেন, 'কী বলব! প্রার্থনা করা ছাড়া এ বিষয়ে আমার কিছুই মন্তব্য করার নেই।' শ্রীলেখা লেখেন, 'আবু হেনা রনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বাবু।'
রনির সুস্থ হয়ে ওঠার খবর পেয়ে তার ভক্তদেরও স্বস্তির নিঃশ্বাস। কেউ মন্তব্য করেছেন, 'ভাই তোমার জন্য দোয়া সব সময়।' কেউ আবার লিখেছেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ভাই।' আপাতত সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় শিল্পী। সূত্র : আনন্দবাজার