কোনো রকম রাখঢাক না করেই একাধিক বিষয়ে নিজের মত জানাতে দ্বিধা বোধ করেন না বলিউডের এই কন্যা। তিনি মানেই বিতর্ক। বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউতের কথাই হচ্ছে। আর চার-পাঁচজন নায়িকার মতো তিনিও দামি পোশাক পরেন ঠিকই, আবার একেবারে সস্তার পোশাক পরতেও তিনি যে বেশ স্বচ্ছন্দ, সে দৃষ্টান্ত নিজেই তুলে ধরলেন।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা। তাতে দেখা গেছে, কঙ্গনার পরনে শাড়ি। ওই শাড়িটির দাম শুনলে চমকে যেতে পারেন। কঙ্গনা দাবি, শাড়িটি তিনি কলকাতা থেকে কিনেছেন। দাম মাত্র ৬০০ টাকা। হ্যাঁ, একেবারে সস্তায় কেনা শাড়িই তিনি পরেছেন। যা দেখে অবাক ভক্তদের একাংশ।
'স্টাইল' মানেই যে সব সময় আন্তর্জাতিক সংস্থার পোশাক পরতে হবে, তার কোনো মানে নেই। এ বার্তাই দিতে চেয়েছেন কঙ্গনা। সেই সঙ্গে দেশে তৈরি জিনিস কেনার ওপর জোর দেওয়ার কথা বলেছেন। 'ভোকাল ফর লোকাল' হওয়ার বার্তা দিয়েছেন কঙ্গনা।
তবে মাত্র ৬০০ টাকার শাড়ি পরলেও তার হাতে যে ব্যাগটি ছিল, সেটির দাম শুনলে চোখ কপালে উঠবে! বিদেশি সংস্থা 'ডায়র'-এর ব্যাগ ছিল নায়িকার হাতে। যার দাম প্রায় ৩.৫ লাখ টাকা। এ নিয়ে আবার কঙ্গনাকে অনেক কথাও শুনতে হয়েছে।
প্রসঙ্গত, বলিউডে তথাকথিত নায়িকাদের থেকে অনেকটাই আলাদা কঙ্গনা। শাহরুখ-সালমান-আমিরের নায়িকা না হয়েও বলিউডে নিজের ভিত শক্ত করেছেন অভিনেত্রী। ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে হইচই ফেলে দেন কঙ্গনা। শুধু করণই নন, বলিউডের আরো অনেকই কঙ্গনার নিশানায় পড়েন।
অন্যদিকে, তার আগামী ছবি 'ইমার্জেন্সি' নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তকুলে। এ ছবিতে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। এ ছাড়াও তার হাতে রয়েছে 'তেজস' ছবি। সূত্র : পিঙ্কভিলা