এল ক্লাসিকো জিতে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। রিয়ালের গোল তিনটি করেন করিম বেনজেমা, ফেদেরিকো ভালভার্দে ও রদ্রিগো। বার্সেলোনার একমাত্র গোলটি এসেছে ফেরান তোরেসের পা থেকে।
ম্যাচের ১২ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন করিম বেনজেমা। টনি ক্রুসের থ্রু বল ধরে বাঁ-দিক দিয়ে দৌড়ে বক্সে ঢুকে শট করেন ভিনিসিউস জুনিয়র। স্টেগানের গায়ে লেগে বল প্রতিহত হয়ে যায় বেনজেমার পায়ে। বক্সে থাকা বেনজেমা বল জালে জড়ান। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান ভালভার্দে। ৮৩ মিনিটে লেভানডফস্কির অ্যাসিস্ট থেকে ফেরান তোরেস গোল করলে ম্যাচ জমে ওঠে। কিন্তু যোগ করা সময়ে রদ্রিগো পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। ৯ ম্যাচে ২৫ পয়েন্টে শীর্ষে উঠল রিয়াল। ২২ পয়েন্টে দুইয়ে বার্সা।
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ১-০ গোলে লিডস ইউনাইটেডকে হারিয়েছে। এই জয়ে শীর্ষেই রইল গানার্সরা। ম্যানইউ-নিউক্যাসল ম্যাচ গোলশূন্য ড্র হয়। মাউন্টের জোড়া গোলে চেলসি হারায় অ্যাস্টনভিলাকে।