বজ্রপাত মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির তাগিদ

বজ্রপাত মোকাবিলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণাসমূহকে কাজে লাগানো  ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেছে সংসদীয় কমিটি।

গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে গত সভার গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতির পর্যালোচনা; অগ্নিকা-ের ঘটনা, বন্যাঝুঁকি, বজ্রপাত এবং ঘূর্ণিঝড় মোকাবিলা বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ; বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসন বিষয়ক (মন্ত্রণালয় সম্পর্কিত অংশের) কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্রিজ/কালভার্ট নির্মাণের ক্ষেত্রে বরাদ্দকৃত বাজেটের কাজসমূহ বর্ষা আসার আগেই দৃশ্যমান করার সুপারিশ করে কমিটি।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আগমনে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও পরিবেশগত যে ঝুঁকি তৈরি হয়েছে তা নিরসন এবং অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং শেখ এ্যানী রহমানের মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।