বিদেশে থেকেও আসামি হওয়া গাজীপুর বিএনপির আহ্বায়ক কারাগারে

গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক শিল্পপতি মো. সোহরাব উদ্দিন আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

তার আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, মো. সোহরাব উদ্দিন চিকিৎসার জন্য গত ৪ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করেন। গত ১০ অক্টোবর গাজীপুর জেলা বিএনপির একটি কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় সোহরাব উদ্দিনকে ৬ নম্বর আসামি করা হয়। দেশে ফিরে সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত দু দফা শুনানী শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আইজীবী সিদ্দিকুর রহমান আরো জানান, ঘটনার সময় সোহরাব উদ্দিন বিদেশে ছিলেন। আদালতে মূল পাসপোর্ট দেখানো হলেও তার জামিন মেলেনি।

জামিন শুনানিতে আরো অংশ নেন অ্যাড. সুলতান উদ্দিন, ড. শহীদুজ্জামান, অ্যাড. জাকিরুল ইসলাম, অ্যাড. সাইফুল ইসলাম মোল্লা, নূরুল কবীর শরীফ, অ্যাড. আব্দুস সালাম শামীম, অ্যাড. মাহবুবুর রহমানসহ শতাধিক আইনজীবী।