ওয়াসার এমডিসহ ৯ জনের দুর্নীতি অনুসন্ধান

সাত প্রতিষ্ঠানে নথি চেয়ে দুদকের চিঠি

প্রতিষ্ঠানটিতে অবৈধ নিয়োগবাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে সাত প্রতিষ্ঠানের কাছে নথিপত্র তলব করে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। ২০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এসব রেকর্ডপত্র সরবরাহের অনুরোধ করা হয়েছে চিঠিতে। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের স্বাক্ষর করা পৃথক চিঠিতে নথিপত্র তলব করা হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।

তাকসিম ছাড়াও যাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হচ্ছে তারা হলেনÑ ঢাকা ওয়াসার প্রকৌশলী শারমিন হক আমীর, সাবেক রাজস্ব পরিদর্শক মিঞা মো. মিজানুর রহমান, প্রকৌশলী মো. আখতারুজ্জামান, রাজস্ব পরিদর্শক মো. জাকির হোসেন, প্রকৌশলী মো. বদরুল আলম, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শ্যামল বিশ্বাস, উপসচিব শেখ এনায়েত উল্লাহ ও উপপ্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সালেকুর রহমান।

দুদক সূত্র জানায়, ঢাকা ওয়াসার এমডি বরাবর পাঠানো চিঠিতে ঢাকা ওয়াসার সঙ্গে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পিপিআইসংক্রান্ত যেসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে সে সংক্রান্ত সব রেকর্ডপত্রের সত্যায়িত কপি চাওয়া হয়েছে। আরব বাংলাদেশের (এবি) ব্যাংক লিমিটেডের কারওয়ান বাজার শাখার ম্যানেজার বরাবর পাঠানো চিঠিতে কারওয়ান বাজার শাখায় ওয়াসার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, কেওয়াইসি, সিগনেচার কার্ড ও ব্যাংক স্টেটমেন্টসহ সব রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি চাওয়া হয়। ব্র্যাক ব্যাংকের বিজয়নগর শাখার ম্যানেজার বরাবর পাঠানো চিঠিতে ওয়াসার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, কেওয়াইসি, সিগনেচার কার্ড ও ব্যাংক স্টেটমেন্টসহ সব রেকর্ডপত্রের সত্যায়িত কপি চাওয়া হয়েছে। জনতা ব্যাংকের কারওয়ান বাজার শাখার ব্যবস্থাপকের কাছে পাঠানো চিঠিতে তলব করা নথিপত্রের মধ্যে রয়েছেÑ ঢাকা ওয়াসার সঙ্গে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও প্রোগ্রাম ফর পারফরম্যান্স ইম্প্রুভমেন্টের নামে পরিচালিত ব্যাংক হিসাবের অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, কেওআইসি, সিগনেচার কার্ড হিসাব খোলা ও পরিচালনাসংক্রান্ত সমিতির সব রেজল্যুশন। ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও প্রোগ্রাম ফর পারফরম্যান্স ইম্প্রুভমেন্টের নামে ২০১৮ সাল থেকে বর্তমান পর্যন্ত পরিচালিত ব্যাংক হিসাব।

এদিকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিস্ট্রার বরাবর পাঠানো চিঠিতে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মেমোরেন্ডাম অব আর্টিকেল, গঠনতন্ত্র, আর্থিক আয়-ব্যয়সংক্রান্ত নীতিমালা চাওয়া হয়েছে। ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সভাপতির কাছে পাঠানো চিঠিতে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মেমোরেন্ডাম অব আর্টিকেল, গঠনতন্ত্র আর্থিক আয়-ব্যয়সংক্রান্ত নীতিমালা চেয়েছে দুদক।