গ্লোবাল ভিলেজ ফেস্টিভ্যালে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ‘ইতেওয়ান গ্লোবাল ভিলেজ ফেস্টিভ্যাল ২০২২’-এ সিউলের বাংলাদেশ দূতাবাস অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক এ উৎসবে বাংলাদেশ দূতাবাসসহ ইয়ংসান এলাকার বিভিন্ন দেশের ২৬টি দূতাবাস অংশগ্রহণ করে।

গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়ে বলেছে, ১৫ ও ১৬ অক্টোবর দু’দিনব্যাপী ইতেওয়ান গ্লোবাল ভিলেজ ফেস্টিভ্যাল সিউলের ইয়ংসান এলাকার ইতেওয়ানে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উৎসবের ‘গ্লোবাল প্যারেড’ পর্বে দূতাবাসের সব সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা বর্ণাঢ্য ঐতিহ্যবাহী বাংলাদেশি পোশাকে সজ্জিত হয়ে দেশি বাদ্যযন্ত্র, ফেস্টুন ও বাংলাদেশের পতাকা নিয়ে প্যারেডে অংশগ্রহণ করেন।

উৎসবের ‘বিশ্ব হস্তশিল্প মেলা’ পর্বে বাংলাদেশের স্টলটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প সামগ্রী প্রদর্শন করা হয়। বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন স্থানসমূহের ছবি সংবলিত আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে স্টলটিকে সুসজ্জিত করা হয়। বিপুলসংখ্যক দর্শনার্থী বাংলাদেশ স্টলটি পরিদর্শন করেন এবং বিভিন্ন হস্তশিল্প পণ্যের প্রতি বিশেষ আগ্রহ দেখান।

উৎসবের ‘বিশ্ব সাংস্কৃতিক আয়োজন’ পর্বে বাংলাদেশি শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের আমোদিত করে।