লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধ স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শাকচরের ছোয়া মিঝি বাড়ী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত আবু সিদ্দিক মিয়া একই এলাকায় মৃত আমিন উল্যাহ ছেলে ও আতারণন্নেছা তার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় ভুট্টু চৌধুরী ও নিহতের ভাতিজা কামাল জমি রেজিস্ট্রির বিষয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য ওই বাড়িতে আসেন। তারা দরজার বাইরে তালা দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করেন। এ সময় ভিতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়। পরে খবর পেয়ে প্রতিবেশীরা ওই বাড়ীতে জড়ো হয় এবং থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।