সহজ ম্যাচ কঠিন করে জিতলো ডাচরা

লক্ষ্যটা খুব বড় ছিল না। তবুও শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন ডাচ ব্যাটাররা। মাঝে এসে ধ্বস নামে। তাতে যেন রানের স্রোত হারিয়ে যায়। তবে শেষ পর্যন্ত হতাশার আর ছুঁতে পারেনি তাদের। সহজ ম্যাচ কঠিন করে নেদারল্যান্ড জয় পেলো ৫ উইকেটের।

মাত্র ১২২ রানের লক্ষ্য। ডাচরা হেসে-খেলেই এগিয়ে যাচ্ছিলো জয়ের লক্ষ্যে। উদ্বোধনী জুটিতে ৫৯ রান ওঠার পর নেদারল্যান্ডসের জয়ের ব্যাপারে কারোরই সন্দেহ থাকার কথা নয়।

কিন্তু ১৪তম ওভারের ৫ম বলে ৯২ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ার পরই ম্যাচটির চিত্র আমূল বদলে যায়। হঠাৎ করেই যেন ম্যাচের পাল্লা ঝুলে পড়ে নামিবিয়ার দিকে। ১২২ রানও তখন নেদারল্যান্ডসের সামনে মনে হচ্ছিল বিশাল এক দুরের পথ।

শেষ পর্যন্ত সহজ ম্যাচটাকে কঠিন বানাতে বানাতে যখন হারের পর্যায়ে চলে গিয়েছিল, তখন বাস ডি লিডি এবং টিম প্রিঙ্গল মিলে কোনোমতে জয় এনে দেন নেদারল্যান্ডসকে। মাত্র ৩ বল হাতে রেখে জয়ী হলো নেদারল্যান্ডস এবং সে সঙ্গে টানা দ্বিতীয় জয়ে সুপার টুয়েলভের পথটাও পরিষ্কার করে তুললো ডাচরা।