বৃষ্টিদৃশ্যে অমিতাভের সঙ্গে ঘনিষ্ঠ শুটিং; সারা রাত কেঁদেছিলেন স্মিতা পাতিল!

ঝুম বৃষ্টি। তার মধ্যেই প্রেমের নেশায় মত্ত স্বয়ং অমিতাভ বচ্চন। বৃষ্টিতে ভিজছেন নায়িকাও। তার পরই গানের তালে তালে নায়িকার সঙ্গে মজলেন নায়ক। ছবির নাম 'নিমক হালাল'। এই ছবির সেই বিখ্যাত গানের দৃশ্যের শুটিংয়ের পর নাকি কান্নায় ভেঙে পড়েছিলেন নায়িকা স্মিতা পাতিল।

'আজ রাপাত জায়ে তো হাম না উঠাইও' জনপ্রিয় গানে অমিতাভ ও স্মিতার প্রেমের সম্মোহনে মজেছিলেন সিনেপ্রেমীরা। এত বছর পরও এই গানটি একই রকম জনপ্রিয়। এ গানের দৃশ্যের শুটিংয়ে অমিতাভের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল স্মিতাকে। এই দৃশ্যের শুট করা নিয়ে খুশি ছিলেন না নায়িকা। শুটিংয়ের পর নাকি সারা রাত কেঁদেছিলেন স্মিতা। এমনকি, ছবির শুটিংও করেননি পরে।

তার পর অবশ্য তাকে বুঝিয়ে ছবির সেটে ফেরান বিগ বি। এ ছবির ৩৪ বছর উদ‌যাপন উপলক্ষে স্মিতার সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন মেগাস্টার। অমিতাভ জানান, ছবির শুটিং করতে একেবারেই স্বচ্ছন্দ বোধ করেননি স্মিতা। তবে অমিতাভের কথা শুনেই ছবির শুটিং করতে রাজি হন অভিনেত্রী।

মাত্র ৩১ বছর বয়সেই জীবনাবসান হয় স্মিতার। ১৯৮৬ সালে সন্তান জন্মের সময় জটিলতায় তার মৃত্যু হয়। প্রায় দুদশক পর পরিচালক মৃণাল সেন অভিযোগ করেন, চিকিৎসার গাফিলতিতে স্মিতার মৃত্যু হয়। অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী ছিলেন স্মিতা। শুধু হিন্দি নয়, বাংলা, গুজরাতি, মালয়ালাম, কন্নড় ছবিতেও কাজ করেন এই অভিনেত্রী। সূত্র : হিন্দুস্তান টাইমস