ঋষির স্মৃতিবিজড়িত হাসপাতালে জন্মাবে রণলিয়ার সন্তান, ২০ নভেম্বর

দশমীতে সাধের অনুষ্ঠান সেরে ফেলেছেন। রণবীর ও আলিয়ার কেউই এখন কাজের প্রেশার খুব একটা নিচ্ছেন না। প্রথম সন্তানের ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় দিন গুনছেন তারকা দম্পতি। আর তা নিয়ে নানা খবর সোশাল মিডিয়া ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

শোনা গেছে, ঋষি কাপুরের স্মৃতিবিজড়িত হাসপাতালে জন্মাবে রণলিয়ার সন্তান। সম্ভাব্য তারিখও প্রকাশ্যে এসেছে।

'ব্রহ্মাস্ত্র' সিনেমার সেটেই রণবীর ও আলিয়ার প্রেম শুরু হয়। ২০২০ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তারা। বিয়ের আড়াই মাসের মাথাতেই সোশাল মিডিয়ায় আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। তারপর থেকে যেন স্ত্রীকে চোখে হারাচ্ছেন রণবীর। 'ব্রহ্মাস্ত্র' সিনেমার প্রচারেও আলিয়াকে আগলে রেখেছিলেন তিনি।

সাধের অনুষ্ঠানে সযত্নে একমাত্র বউমাকে সাধ খাওয়ান নীতু সিং। পরিবারের ঘনিষ্ঠরাই হাজির ছিলেন সে অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন আলিয়ার ছোট বোন শাহিন ভাট ও আলিয়ার ছোটবেলার বন্ধুরা। আলিয়ার সাধের অনুষ্ঠানে দেখা যায় করিশমা কাপুরকেও।

 

শোনা যাচ্ছে, নভেম্বর মাসের ২০ তারিখ আলিয়ার সন্তান ভূমিষ্ঠ হবে। দক্ষিণ মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালেই নাকি জন্ম হবে তার। সেই দিনের প্রস্তুতি এর মধ্যে কাপুর ও ভাট পরিবারে শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, এই হাসপাতালেই জীবনের শেষ কটা দিন কাটিয়েছেন রণবীর কাপুরের বাবা তথা বলিউড অভিনেতা ঋষি কাপুর। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর বেশ কিছুদিন বিদেশে চিকিৎসার জন্য ছিলেন ঋষি। দেশে ফেরার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২০২০ সালের ৩০ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউড তারকা। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া