ইরানের ওপর নিষেধাজ্ঞা চায় ইউক্রেন

রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ বিষয়ে তার দেশের অবস্থান স্পষ্ট করেছেন। গত সোমবার লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেন দিমিত্রো কুলেবা। ভার্চুয়ালি এতে যুক্ত হন তিনি। সেখানে দেওয়া ভাষণে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। নিজের ফেইসবুক পেজে দেওয়া পোস্টে দিমিত্রো কুলেবা বলেন, ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা অনেক দিন ধরে বিভিন্ন ব্যাখ্যা ও যুক্তি শুনেছি। কিন্তু সত্য লুকানো অসম্ভব।’ ইরানি ড্রোন ব্যবহার করে কিয়েভে রুশ হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মস্কোকে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগের সময় এসেছে। এ নিষেধাজ্ঞা একটি বার্তা দেবে। এ বার্তাটি হলো, রুশ আগ্রাসনে সহায়তা করলে তার জন্য মূল্য দিতে হবে।’