টাকার অভাবে বন্ধ ইলা মিত্র পাঠাগার

কৃষকদের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী, নাচোলের রানী ইলা মিত্রের নামে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিষ্ঠিত ‘ইলা মিত্র পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র’ আর্থিক সংকটে বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু ও শিক্ষার্থীদের পাঠের সুযোগ সৃষ্টি করতে ২০১৪-১৫ অর্থবছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দ নিয়ে নেজামপুর রেল বাজারে যাত্রা শুরু করে ইলা মিত্র পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র। রেল বাজারের প্রাচীন বটগাছের নিচে একতলা টিনশেড ভবনে চালু হওয়ার পর কয়েক বছর ‘ঠিকমতো’ পাঠাগারটি চললেও এখন বন্ধ। পাঠাগারটিতে প্রবেশের দরজার তালাতেও পড়েছে মরিচা। প্রবেশপথ ঘিরে ফেলেছে আগাছায়।

সংশ্লিষ্টরা জানায়, যথাযথ আর্থিক সহায়তার অভাবে প্রায় দুই বছর ধরে পাঠাগারটি বন্ধ থাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুসহ শিক্ষার্থীরা সেখান থেকে বই নিয়ে পড়তে পারছে না। অথচ একসময় এ পাঠাগার থেকে নিজেদের প্রয়োজনীয় বই নিয়ে পড়ত সুবিধাবঞ্চিত এসব শিক্ষার্থী।

পাঠাগারটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী হিংগু মুরমু দেশ রূপান্তরকে বলেন, ‘এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশিরভাগ লোকজনই গরিব। অভাব-অনটনের কারণে অনেক শিক্ষার্থীর লেখাপড়া হয় না। এসব শিক্ষার্থীকে সহায়তার জন্য পাঠাগারে পাঠ্যবইও রাখা আছে। বই নিয়ে পড়ে পরীক্ষা শেষে ফেরত দিয়ে যেত তারা। কিন্তু পাঠাগার বন্ধ থাকায় এখন সে সুযোগ মিলছে না।’

ইলা মিত্র পাঠাগার বন্ধ হয়ে যাওয়ায় সেখান থেকে নিয়ে যাওয়া বইও আর জমা হচ্ছে না। তাই কমে গেছে বইয়ের সংখ্যাও। আর্থিক সংকটের কারণে নতুন বইও কেনা যাচ্ছে না। এ প্রসঙ্গে সরণী ওঁরাও নামে এক শিক্ষার্থী বলেন, ‘পাঠাগারটিতে অনেক বই ছিল। এখন তেমন বই নেই। তাই পাঠাগারে কেউ পড়তেও আসে না। নতুন নতুন বই এলে আমরা অনেকেই পড়তে যাব।’

ইলা মিত্র পাঠাগার বন্ধ হয়ে যাওয়ায় হতাশ নাচোলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ প্রসঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মী সাজিদ তৌহিদ বলেন, ‘প্রশাসনের দেওয়া আর্থিক সহায়তায় পাঠাগারটি পরিচালিত হয়। কিন্তু গত ২০২০ সালের মার্চ মাস থেকে সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় পাঠাগারের কার্যক্রম এখন বন্ধ। এ ছাড়া অনেক বই পড়ে আছে পাঠকের কাছে।’

সঠিক সময়ে আর্থিক বরাদ্দ না পাওয়ায় ইলা মিত্র পাঠাগার বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে জানান ইলা মিত্র পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বিধান সিং। তিনি বলেন, ‘এর আগেও দুবার তহবিল বন্ধের কারণে পাঠাগারের কার্যক্রম থেমে যায়। সঠিক সময়ে টাকা না পাওয়ায় পাঠাগারে লোক রাখতে পারি না। প্রায় দুই বছর ধরে পাঠাগারটি বন্ধ হয়ে পড়ে আছে।’

তিনি জানান, সংস্কারের অভাবে পাঠাগারের সামনে বড় গর্তের সৃষ্টি হয়েছে। জায়গাটিতে পানি জমে যায়। এ ছাড়া পাঠাগারে শৌচাগার থাকলেও নেই পানির ব্যবস্থা।

এ ব্যাপারে জানতে চাইলে নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন বলেন, ইলা মিত্রের নামে নেজামপুরে যে পাঠাগার আছে সেটি তার জানা নেই।

ইলা মিত্রের জন্মদিন উদযাপিত : ইলা মিত্রের ৯৮তম জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে তার সংগ্রামের স্মৃতিবিজরিত চাঁপাইনবাবগঞ্জে গতকাল মিষ্টিমুখ কর্মসূচি ও আলোচনা সভা হয়। নাচোলের ইলা মিত্র স্মৃতি সংসদ এদিন সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিয়ে মিষ্টিমুখ কর্মসূচি পালন করে। পরে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল মার্কেটের ছাদে ‘জাগো নারী বহ্নিশিখা’ নামে একটি সংগঠন আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক ফারুকা বেগম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।