শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজকে শেষ বিদায় জানিয়েছে দেশের সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মাসুম আজিজের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। নাট্যাঙ্গনে তার সহকর্মী, বর্ষীয়ান গুণিজন, তরুণ শিল্পী, ভক্তরা তাকে ফুলে, অশ্রুতে বিদায় জানাতে আসেন।
সেখানে শ্রদ্ধাস্থলে সাবেক মন্ত্রী ও বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি তাকে কখনো মনোবল হারাতে দেখিনি। অঙ্গীকারবদ্ধ নাট্যকর্মী যারা, তাদের মধ্যে একজন প্রধান ব্যক্তি আজ আমাদের ছেড়ে চলে গেলেন।’ অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘মাসুম ভাই অত্যন্ত কাজপাগল মানুষ ছিলেন। বড় অসময়ে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। এতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’
বাবার সম্পর্কে বলতে গিয়ে মাসুম আজিজের ছেলে উৎস বলেন, ‘তার জীবন সংগ্রামের প্রভাব আমাদের ওপর পড়তে দেননি বাবা। অনেক দৃঢ়চেতা মানুষ ছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি আমাকে বলতেন, সুস্থ হয়ে যাবেন। আমরা আমাদের এই অভিভাবককে হারিয়ে ফেলেছি।’
শহীদ মিনারে মাসুম আজিজকে সর্বস্তরের শ্রদ্ধা জানানোর আগে সকালের দিকে বনশ্রীতে তার প্রথম জানাজা হয়। সেখান থেকে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা হয়। এরপর পাবনার উদ্দেশে মরদেহ নিয়ে যাওয়া হয়। পাবনার কৃতীসন্তান মাসুম আজিজ। তাই সেখানেই নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হন নাটকের প্রতি আমৃত্যু আন্তরিক মানুষটি।