অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উভয় পাশে সৃষ্টি হয় সীমাহীন যানজট।

গতকাল বিচ্ছিন্ন করে দেওয়া গ্যাসসংযোগ পুনরায় দেওয়ার দাবিতে ওই এলাকার ছয়টি গ্রামের শত শত নারী-পুরুষ মহাসড়কে এসে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিয়ে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

গতকাল মঙ্গলবার দুপুরে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার নিয়মিত অংশ হিসেবে তিতাস গ্যাস কোম্পানি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, পিরোজপুর এলাকার জৈনপুরে গ্যাসের একটি অবৈধ সংযোগ লাইন তিতাস গ্যাস কোম্পানি বিচ্ছিন্ন করে দিলে এলাকাবাসী এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। বিক্ষুব্ধ এলাকাবাসীর অধিকাংশই নারী, তাদের অনেকবার বলার পরও মহাসড়ক থেকে সরানো যায়নি। পরে পুলিশ ও প্রশাসনের লোকজনের অনুরোধে বিকেলে তারা অবরোধ উঠিয়ে নেয়।

আড়াইহাজারে ১ হাজার অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন : এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ হাজার অবৈধ আবাসিক গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিনব্যাপী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে উপজেলার গোপালদী পৌরসভার মৌলভীবাজার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদী তিতাস গ্যাসের ডিজিএম প্রকৌশলী নাছিমুল ইসলাম জানান, অভিযানের সময় মৌলভী বাজারের ২টি বড় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ১ হাজার পরিবারের আবাসিক গ্যাসসংযোগ ছিল।