ব্রাজিলের কাছে ৫ গোল হজম করলো ভারত

প্রথম দুই ম্যাচে আমেরিকা ও মরক্কোর কাছে হেরে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল ভারতের। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ব্রাজিল। চাপহীন ম্যাচে ভারতের প্রতিরোধ ও লড়াই দেখার অপেক্ষা ছিল। কিন্তু শেষ ম্যাচে ব্রাজিল একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ৫-০ গোলে জিতে নেয় ম্যাচটি। যাতে লড়াইয়ের কোনো ছিটেফোটাও ছিল না।

প্রতিযোগিতায় সব মিলিয়ে তিন ম্যাচে ১৬ গোল হজম করে বিদায় নিয়েছে স্বাগতিকরা। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সেলেসাওরা। ব্রাজিলের একের পর এক অ্যাটাক আছড়ে পড়তে থাকে ভারতের রক্ষণে। ম্যাচের ১১ মিনিটে গ্যাব্রিয়েল বার্চন গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে।

প্রথম গোল খাওয়ার পর বেশ কিছু সময় ব্রাজিলকে আটকে রেখেছিল ভারতের মেয়েরা। ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় গোল পায় ব্রাজিল। গোল করেন অ্যালিন গোমস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল করে ফেলে সাম্বা ব্রিগেড। দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন অ্যালিন গোমস। ব্রাজিলের চতুর্থ গোল আসে ম্যাচের ৮৬ মিনিটে। দূরপাল্লার শটে গোল করেন লারা দান্তাস ফেরেইরা স্যান্টস। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন লারা।

এর আগে আমেরিকার কাছে প্রথম ম্যাচে ৮-০ গোলে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ৩-০ গোলে হারের মুখ দেখতে হয় তাদের। শেষ ম্যাচেও বড় হারই সঙ্গী হলো।